রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি | চ্যানেল আই অনলাইন

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের পর ভুক্তভোগী তাদের পিছু নিলে একপর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান এক ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন তাকে অস্ত্র ও গুলিসহ আটক করেন।

গতকাল রোববার দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৩১ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। তার নাম তানভীর আবেদীন (৪১)।

পুলিশ জানায়, ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ওই ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগী সঙ্গে সঙ্গে তাদের পিছু নেন। ধাওয়া করার একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

এরপর ধানমন্ডি থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তানভীরকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায়। অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের তিন সদস্যই গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ।

Scroll to Top