দেশে একদিনে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ – DesheBideshe



ঢাকা, ৩১ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে এই রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং ৮৭৪ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৯৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ যেখানে ১৪৯ জন মারা গেছেন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৪, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩৬৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ১৩৮, চট্টগ্রামে ২৮৫, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৮১ এবং রংপুরে ২৪ জন। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জনে। তাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশে বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬



Scroll to Top