ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মামুন। হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে যুবদলকর্মী ইউসুফ, মনির ও তিনি মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। ওই যুবকদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। সেই গুলি ইউসুফ, মনির ও পথচারী সালামের শরীরে লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, রাত ১২টার পর ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে ও সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে।


