ভারতে বাজার ধরতে টেসলার নতুন কৌশল: আসছে ৬ সিটের মডেল ওয়াই – DesheBideshe

ভারতে বাজার ধরতে টেসলার নতুন কৌশল: আসছে ৬ সিটের মডেল ওয়াই – DesheBideshe


ভারতে বাজার ধরতে টেসলার নতুন কৌশল: আসছে ৬ সিটের মডেল ওয়াই – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ এপ্রিল – বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে নিজেদের অবস্থান মজবুত করতে নতুন কৌশল গ্রহণ করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। দেশটিতে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় জনপ্রিয় মডেল ওয়াই গাড়ির ৬ সিটের একটি নতুন সংস্করণ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় গত সেপ্টেম্বর থেকে ভারতে সরবরাহ শুরুর পর টেসলা মাত্র ৩৫০টি মডেল ওয়াই বিক্রি করতে সক্ষম হয়েছে।

একই সময়ে বিওয়াইডি, মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো অনেক বেশি গাড়ি বিক্রি করেছে। ভারতে টেসলার বিক্রির প্রধান বাধা হিসেবে উচ্চ আমদানি শুল্ককে চিহ্নিত করা হচ্ছে। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় যা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই উচ্চ শুল্কের কারণে ভারতের বাজারে টেসলার দাম অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। নতুন ৬ সিটের মডেল ওয়াই এল সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬২ লাখ রুপি যা ডলারের হিসেবে ৬৬ হাজার ডলারের কাছাকাছি।

ভারতের সচ্ছল পরিবারগুলো এখন বড় এবং প্রিমিয়াম গাড়ির দিকে ঝুঁকছে। সানরুফ ও বড় টাচস্ক্রিন সংবলিত তিন সারির এসইউভির চাহিদা এখন তুঙ্গে। বর্তমানে এই বাজারটি টয়োটা ও সুজুকির দখলে রয়েছে। সেই বাজার ধরতেই টেসলা তাদের নতুন মডেলে ৬টি আসন যুক্ত করেছে। একবার পূর্ণ চার্জ দিলে গাড়িটি ৬৮১ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

মুম্বাইয়ে গাড়িটি উন্মোচনকালে টেসলার সিনিয়র ডিরেক্টর ইসাবেল ফ্যান বলেন যে তারা সাধারণ মানুষের নাগালের মধ্যে গাড়ি পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ভারতের জেনারেল ম্যানেজার শরদ আগরওয়াল জানিয়েছেন চলতি প্রান্তিক থেকেই নতুন এই গাড়ির সরবরাহ শুরু হবে। ভারতে শুল্ক কমানোর জন্য টেসলার চাপের বিপরীতে সরকার দেশেই কারখানা স্থাপনের ওপর জোর দিচ্ছে। বর্তমানে ভারতের মোট গাড়ি বিক্রির ৫ শতাংশেরও কম বৈদ্যুতিক গাড়ি যার বেশিরভাগ বাজার দখলে রেখেছে টাটা মোটরস ও মাহিন্দ্রা।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬



Scroll to Top