তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে | চ্যানেল আই অনলাইন

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।

তদন্ত কর্মকর্তা আরও জানান, দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক ওই আদেশ দেন। মামলার আসামি হাফিজুর রহমানকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন- অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

Scroll to Top