বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল | চ্যানেল আই অনলাইন

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল | চ্যানেল আই অনলাইন

চলতি বছরের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা জানান।

তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলোর মতো রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যেই বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাজেট অধিবেশনের পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এটি চালু হলে দেশের পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে সরকার কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা ও হিলটেক্স এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা করছে। এসব খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে এবং উপযুক্ত বিনিয়োগকারী পেলে প্রকল্পগুলো বেসরকারি খাতে দেওয়ার কথাও বিবেচনায় রয়েছে।

সরকারের লক্ষ্য, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক এবং লাভজনক করে তোলা।

Scroll to Top