ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক : কায়সার হামিদ

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক : কায়সার হামিদ

ব্রাজিল ফুটবল দলের পাঁড় ভক্ত কায়সার হামিদ, তা অনেকেরই জানা। ফেসবুক প্রোফাইল পিকচারে দেশের পতাকার সঙ্গে ব্রাজিলের পতাকাও রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক : কায়সার হামিদ

সামনেই আরেকটি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই কায়সার হামিদ ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন। তার আশা, নেইমার-ভিনিসিয়ুসরাই এবার চ্যাম্পিয়ন হবে। ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপে খেলবেন বলে আশাবাদী তিনি।

কায়সার হামিদ বলেন, ‘ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে। আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। আমি চাই ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক। তবে তারা চ্যাম্পিয়ন হতে পারুক আর না পারুক প্রতি বছর নতুন নতুন যে টেকনিক নিয়ে আসে, সেটা ভালো লাগে।


আজ শনিবার (৩০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোলখার গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কায়সার হামিদ এসব কথা বলেন। ওই গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

কায়সার হামিদ বলেন, ‘প্রতি বিশ্বকাপেই নতুন নতুন তারকা আসে। মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, সালাহর খেলা ভালো লাগে। এইবারের বিশ্বকাপেও নতুন তারকা উঠে আসবে বলে আমি মনে করি।

তবে নতুন কোন দল এবার ভালো করবে, এটা বলা মুশকিল।’
বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার আরো বলেন, ‘বিশ্বকাপ এলেই বিভিন্ন দলের পতাকা উড়ানো দেখেই বুঝা যায়, এ দেশের মানুষ ফুটবলপ্রেমী। ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ইদানীং র‌্যাংকিয়েও আমাদের উন্নতি হয়েছে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়েরা আসার পর উন্নতি হচ্ছে।’

বাংলাদেশ কখনোই ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এ নিয়ে কায়সার হামিদের কণ্ঠে ঝরল আক্ষেপ, ‘একটি জেলার সমান দেশও বিশ্বকাপে খেলে। যুদ্ধ বিধ্বস্ত দেশও খেলে। কিন্তু আমরা কেন পারি না? এ নিয়ে পরিকল্পনার একটা ব্যাপার আছে। বাংলাদেশের গ্রামে অনেক মেধাবী খেলোয়াড় আছে। তাদেরকে উঠিয়ে আনতে হবে। বয়সভিত্তিক ফুটবলে আমাদেরকে জোর দিতে হবে। নয়তো যত ভালো কোচ কিংবা বিদেশি কোচ আনা হোক না কেন, কোনো লাভ হবে না। পরিকল্পনা অনুযায়ী এগোলে বাংলাদেশ আগামীতে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে আশা করি।’

কায়সার হামিদ গোলখার গ্রামে আসার পর স্থানীয় লোকজন তাকে স্বাগত জানান। তাকে একটি ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন, মো. জয়নাল আবেদীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ

সালাহকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা মিসরের, আছে চমক

মনির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘বাংলাদেশের একজন জনপ্রিয় ফুটবলার কায়সার হামিদ। আমরা ওনাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছেন। এলাকার মানুষ তাকে স্বাগত জানায়।’

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top