ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি দুসপ্তাহের কম। তার আগে বড় সুসংবাদ পেল ব্রাজিলের দর্শক। বিনামূল্যে ইউটিউবে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন দেশটির ফুটবল ভক্তরা।
পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর বিনিয়োগ করা কোম্পানি ‘লাইভমোড’ এবং ইউটিউব চ্যানেল ‘কেজটিভি’ দেশটিতে বিশ্বকাপের ১০৪ ম্যাচই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে। তবে ব্রাজিলের বাইরে কোন দেশের দর্শকরা ইউটিউবের এই সুবিধাটি উপভোগ করতে পারবেন না।
২০২২ সালে ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসেমিরো মিগুয়েল স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে কেজটিভি চালু করেন। সেবছর গড়ানো ফিফা বিশ্বকাপের কিছু বাছাইকৃত ম্যাচ সম্প্রচার করেন। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও সম্প্রচার করে তার প্রতিষ্ঠানটি।
সেটার ধারবাহিকতায় আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে গড়াতে চলা বিশ্বকাপ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) দৃশ্যমানের স্ট্রিমিং পরিকল্পনা করেছে কেজ টিভি। পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।




