বিশ্বজুড়ে তীব্র তাপদাহের কারণে ফ্যান, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন শীতলকারক যন্ত্রের চাহিদা দ্রুত বাড়ছে। এই সুযোগে চীনের অন্যতম প্রধান ক্ষুদ্র গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কেন্দ্র শেনচেন থেকে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। পণ্যের বৈচিত্র্য, উদ্ভাবনী সেবা এবং দ্রুত কাস্টমস সুবিধার মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো।
রোববার (১৯ জুলাই) শেনচেনের পাও’আন জেলার একটি ইলেকট্রনিক্স কারখানায় দেখা যায়, বিশ্ববাজারে পাঠানোর জন্য কনটেইনারে ইলেকট্রিক ফ্যান লোড করতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।
প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস ম্যানেজার হে ক্যান জানান, চাহিদার শীর্ষ সময়ে প্রতিদিন ১০টিরও বেশি কনটেইনারে প্রায় ২০ হাজার সেট ফ্যান রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। বর্ধমান চাহিদা সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদেশি ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি ‘পে-অ্যাজ-ইউ-গো’ মডেল চালু করেছে। এ ব্যবস্থায় গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে দিয়ে পণ্য সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী টপ-আপের মাধ্যমে ব্যবহার চালিয়ে যেতে পারেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা চাও সিপিং বলেন, ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য টপ-আপ করলে একটি পাসওয়ার্ড পান। ফ্যানটি বাড়িতে নিয়ে সেই পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত সময় পর্যন্ত এটি চালানো যায়। নির্ধারিত সময়ের ব্যবহারের শর্ত পূরণ হলে পণ্যটির সম্পূর্ণ মালিকানা গ্রাহকের কাছে চলে যায়। সংশ্লিষ্টরা জানান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাজার পুরোপুরি মৌসুমনির্ভর হওয়ায় অল্প সময়ের মধ্যেই উৎপাদন, সরবরাহ এবং রপ্তানি সম্পন্ন করতে হয়। ফলে উৎপাদন সক্ষমতার পাশাপাশি কাস্টমস ও লজিস্টিকস ব্যবস্থার দক্ষতা আন্তর্জাতিক অর্ডার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ কারণে সমুদ্রপথে দ্রুত রপ্তানি নিশ্চিত করতে শেনচেন কাস্টমস বেশ কয়েকটি সহজ ও কার্যকর পদক্ষেপ নিয়েছে, যা স্থানীয় রপ্তানিকারকদের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করছে।

