ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, আন্তর্জাতিক তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে। একই সময়ে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছালেও সাম্প্রতিক মার্কিন হামলার পর সেই সমঝোতা কার্যত ভেঙে পড়ে এবং নতুন করে সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে।


