
ঢাকা, ৮ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের একদিন পরই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার বিসিবি সভাপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র মীর শাকরুল আলম সীমান্ত তার চিঠিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই পরিচালক জানান, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ সব দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে।
এমন পরিস্থিতিতে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংস্থায় পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্বশীলতার জায়গা থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।
এর আগে রোববার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল। এ ছাড়াও সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু প্রত্যেকে ৭২টি করে ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান ৭০ ভোট, শাইনপুকুরের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮টি করে ভোট পান।
অন্যান্যদের মধ্যে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম ও আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা ৬৬টি করে ভোট পেয়েছেন। আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল রয়েছেন।
এ ছাড়াও সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এনএন/ ৮ জুন ২০২৬






