মাঠ ও পার্কগুলো দখলমুক্ত করে আধুনিকায়নের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর – DesheBideshe

মাঠ ও পার্কগুলো দখলমুক্ত করে আধুনিকায়নের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর – DesheBideshe


মাঠ ও পার্কগুলো দখলমুক্ত করে আধুনিকায়নের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর – DesheBideshe

ঢাকা, ৮ জুন – দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ এবং পার্কগুলো দখলদার ও মাদকসেবীদের কবল থেকে মুক্ত করে জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, মাঠ ও পার্কগুলো পুনরুদ্ধার এবং আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর এবং ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে উচ্ছেদ ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নোটিশ উত্থাপনকালে নিলুফার চৌধুরী মনি বলেন, এক সময় মাঠ ও পার্কগুলো শিশু-কিশোরদের খেলার জায়গা ছিল। বর্তমানে সেখানে মাদকের কারবার ও অবৈধ দখলদারদের দাপট বেড়েছে। বাণিজ্যিক ব্যবহারের ফলে পার্কগুলোর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফলে শিশুরা মোবাইল স্ক্রিনের ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে ১২৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২৩৫টি মাঠ রয়েছে, যার ৬০ শতাংশই অবৈধ দখলে।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী স্বীকার করেন যে, অতীতে রাজনৈতিক কারণে অনেক মাঠ দখল হয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় শহীদ মতিউর রহমান পার্কসহ মতিঝিল, নবাবগঞ্জ ও খিলগাঁও এলাকার মাঠগুলো ইতোমধ্যে আধুনিকায়ন করা হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও খুলনাতেও একই ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মাদক সমস্যা নিরসনে মন্ত্রী বলেন, শুধুমাত্র পুলিশি অভিযানে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য দেশে একটি বড় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজ ও বিভিন্ন সামাজিক সংস্থাকে সঙ্গে নিয়ে সরকার এই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

শিশুদের মাঠমুখী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্কুল পর্যায়ে ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশজুড়ে জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এনএন/ ৮ জুন ২০২৬



Scroll to Top