
নীলফামারী, ১৩ জুলাই – উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
পাউবো সূত্র জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ মিটার। বৃষ্টির ধারা অব্যাহত থাকায় এবং উজানের পানি বাড়লে মধ্যরাত নাগাদ পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দারা নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিকভাবে অবগত রাখা হচ্ছে এবং পাউবোর পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
এনএন/ ১৩ জুলাই ২০২৬






