বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত | চ্যানেল আই অনলাইন

বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত | চ্যানেল আই অনলাইন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার ২৬ মে দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাখেন। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। তবে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top