সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টায় আটক ২ | চ্যানেল আই অনলাইন

সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টায় আটক ২ | চ্যানেল আই অনলাইন

সুন্দরবনে ‘চাচা-ভাইপো’ নামে নতুন বনদস্যু বাহিনী গঠনের চেষ্টা চালানোর অভিযোগে আত্মসমর্পণ না করা ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে নতুন বাহিনীর নামে ছাপানো ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৬ মে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণে অংশ না নেওয়া দুই সদস্য নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড বেইস মোংলা তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খালসংলগ্ন এলাকা থেকে তিনটি একনলা বন্দুক, একটি পাইপগান, একটি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিলেন। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন নামে সংগঠিত হয়ে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top