বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা | চ্যানেল আই অনলাইন

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা | চ্যানেল আই অনলাইন

বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং তা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হার্ডওয়্যার উন্নয়নের অভিযোগে ওপেনএআই, প্রতিষ্ঠানটির বাণিজ্যিক শাখা ওপেনএআই গ্রুপ পিবিসি, আইও প্রোডাক্টস এবং অ্যাপলের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মামলায় অ্যাপলের অভিযোগ, সাবেক সিনিয়র সিস্টেমস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ এবং আইফোন ও অ্যাপল ওয়াচের সাবেক ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ডিজাইন) ট্যাং ইউ ট্যান প্রতিষ্ঠানের গোপন বাণিজ্যিক তথ্য ওপেনএআইয়ের স্বার্থে ব্যবহার করেছেন।

একই সঙ্গে ওপেনএআই পরিকল্পিতভাবে অ্যাপলের সাবেক কর্মী নিয়োগ, সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং অন্যান্য উপায়ে গোপন তথ্য সংগ্রহ করেছে বলেও দাবি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। চাকরি ছাড়ার সময় চ্যাং লিউ কোম্পানির একটি ল্যাপটপ ফেরত দেননি। পরে নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে তিনি অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে হার্ডওয়্যার সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন নথি ডাউনলোড করেন।

অন্যদিকে ট্যাং ইউ ট্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি ছাড়ার আগে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য এবং অভ্যন্তরীণ শিল্প-সংক্রান্ত বিভিন্ন নথি নিজের ব্যক্তিগত ই-মেইলে পাঠান। এছাড়া ওপেনএআইয়ের চাকরির সাক্ষাৎকারে অংশ নেওয়া অ্যাপলের কর্মীদের ‘শো অ্যান্ড টেল’ সেশনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ সঙ্গে আনতে উৎসাহিত করেছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

অ্যাপলের দাবি, বর্তমানে ওপেনএআইয়ে ৪০০ এর বেশি সাবেক অ্যাপল কর্মী কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই অ্যাপলের গোপন প্রযুক্তিগত তথ্য সম্পর্কে অবগত ছিলেন। এছাড়া গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে উদ্বেগ জানিয়ে ওপেনএআইকে চিঠি পাঠানো হলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি বলে অভিযোগ করেছে অ্যাপল।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানের গোপন বাণিজ্যিক তথ্য ব্যবহারে তাদের কোনো আগ্রহ নেই। বরং মানুষের উপকারে আসে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতেই তারা মনোযোগী। এই আইনি লড়াই শুধু বাণিজ্যিক গোপন তথ্য নিয়েই নয়; ভবিষ্যতের এআইভিত্তিক হার্ডওয়্যার বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতারও প্রতিফলন।

ধারণা করা হচ্ছে, ওপেনএআই নিজস্ব স্মার্টফোন বা নতুন ধরনের এআই ডিভাইস তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা ভবিষ্যতে আইফোনের জন্য প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।

Scroll to Top