বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। এ জন্য দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের যেসব অঞ্চলে বন্যার কারণে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন, সেসব এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা তৈরির কাজ শেষ হলে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, অতীতের লুটপাট ও অনিয়মের সংস্কৃতি এখনো কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। তবে বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন। ফলে এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।
জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


