
কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ফিরছে পঞ্চম মৌসুম নিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় নেটফ্লিক্সে শুরু হবে নতুন মৌসুম।
এ উপলক্ষে বুধবার প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানটির ঘোষণা-টিজার। নতুন মৌসুমেও কপিল শর্মার সঙ্গে থাকছেন সুনীল গ্রোভার, কিকু শারদা ও কৃষ্ণা অভিষেক। বিচারকের আসনে থাকবেন অর্চনা পুরান সিং ও নভজ্যোৎ সিং সিধু।
প্রায় দুই মিনিটের টিজারটির মূল ভাবনা ‘হাসি কা ত্যোহার’, অর্থাৎ হাসির উৎসব। টিজারে দীপাবলি, নবরাত্রি ও বড়দিনের মতো উৎসবের আবহে নতুন মৌসুমকে হাসি-আনন্দের বড় আয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে। সিধুর ঘোষণায় নতুন মৌসুমকে ‘হাসির উৎসব’-এর সূচনা হিসেবে দেখানো হয়েছে।
নেটফ্লিক্সের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ঢোল-নগাড়ার সঙ্গে এবার নেটফ্লিক্সে সাজবে ‘হাসি কা ত্যোহার’। ২৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে দেখা যাবে অনুষ্ঠানটি।
এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ মৌসুম শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ ডিসেম্বর। মার্চ পর্যন্ত চলা ওই মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্বকাপজয়ী ক্রিকেটার হারমানপ্রীত কৌর ও জেমিমা রদ্রিগেস, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, শহিদ কাপুর ও তৃপ্তি দিমরির মতো তারকারা।
২০২৪ সালের ৩০ মার্চ নেটফ্লিক্সে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করে অনুষ্ঠানটি। একই বছরের ২১ সেপ্টেম্বর দ্বিতীয় মৌসুম এবং ২০২৫ সালের ২১ জুন তৃতীয় মৌসুম মুক্তি পায়। এবার পঞ্চম মৌসুমে আবারও দর্শকদের হাসাতে ফিরছেন কপিল ও তার দল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…