
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে লামিন ইয়ামাল, কাইলিয়ান এমবাপে, বা হ্যারি কেনকে নয়, লিওনেল মেসিকেই বেছে নিলেন ডিয়েগো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচের মতে, ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে আর্জেন্টাইন মহাতারকার অসাধারণ পারফরম্যান্স অন্যসব প্রতিদ্বন্দ্বীর চেয়ে তাকে বেশি এগিয়ে রাখবে।
সম্প্রতি ইয়ামাল দাবি করেছেন, তিনি এবং রিয়াল মাদ্রিদের এমবাপে বর্তমানে বিশ্বের সেরা দুই খেলোয়াড়। এরপর বিষয়টি নতুন করে সামনে আসে। তবে ওসাসুনার বিপক্ষে অ্যাটলেটিকোর ম্যাচের আগে অন্য দাবিদারদের প্রসঙ্গ সিমিওনে নাকচ করে দেন। পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেন আর্জেন্টাইন কোচ। তার মতে, বিশ্বমঞ্চে মেসির অসাধারণ নৈপুণ্য এখনও অতুলনীয়।
সিমিওনে বলেছেন, ‘নিঃসন্দেহে মেসি। এই বয়সে এসেও বিশ্বকাপজুড়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে কোন সন্দেহের অবকাশই নেই। মেসিই সেরা।’
সিমিওনের সমর্থনের মূল কারণ, মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠা। তার মতে, মেসির শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স ধরে রাখার বিষয়টি ইয়ামাল, এমবাপে, রদ্রি, হ্যারি কেন বা ডেম্বেলের দাবির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে মেসির, তার ক্যারিয়ারের ১৭তম উপস্থিতি। তিনি রোনালদোর ১৮ বার মনোনয়নের রেকর্ডের চেয়ে মাত্র একধাপ পিছিয়ে। এর আগে সবশেষ ২০২৩ সালে অষ্টমবারের মতো পুরস্কারটি জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
অক্টোবরের ২৬ তারিখ ৭০তম ব্যালন ডি’অরের আয়োজন বসবে। প্রথমবার প্যারিসের বাইরে আয়োজন করা হবে। লন্ডনে বসবে আয়োজন। ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত স্যার স্ট্যানলি ম্যাথিউসের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অংশ। যিনি ১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম আসরে জয়ী ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…