আসন্ন মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিশ্বব্যাপী সম্প্রসারণের প্রচেষ্টায় প্রথমবার মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি আয়োজন করবে। গত নভেম্বরে অনুষ্ঠিত ইমার্জিং নেশনস ট্রফির সাথে এটি যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের দুমাস আগে মাঠে গড়াবে নতুন আসর।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানাচ্ছে, রুয়ান্ডায় মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির প্রথম আসর বসবে। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে অভিবাবক সংস্থা। ১৯ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ২মে। রুয়ান্ডার কিগালি শহরের গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি সংলগ্ন মাঠে ম্যাচ হবে।
সূচি অনুযায়ী, পাঁচ দলের টুর্নামেন্টে উদ্বোধনী দিনে স্বাগতিক রুয়ান্ডার মুখোমুখি হবে ইতালি এবং নেপাল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এ চারটি দল ছাড়া আসরে অন্য দল ভানুয়াতু।
টুর্নামেন্টটি আইসিসির নতুন সংযোজন, যা সহযোগী সদস্য দেশগুলোকে আরও বেশি পরিচিতি দেয়ার জন্য আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় আইসিসির পাঁচটি অঞ্চলের প্রত্যেকটির শীর্ষ র্যাঙ্কযুক্ত দেশগুলো অংশ নেবে, যারা ইমার্জিং নেশনস ট্রফির জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। অংশগ্রহণকারী পাঁচ দলই ২০২৫ সালের আঞ্চলিক মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করবে।
ডাবল রাউন্ড-রবিন লিগ ফরম্যাটের আসরে টেবিলে শীর্ষে থাকা দুদল ২মে ফাইনাল খেলবে। উদ্যোগটি বিশ্বব্যাপী মেয়েদের ক্রিকেটকে শক্তিশালী করা এবং উদীয়মান দেশগুলোকে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইসিসির বৃহত্তর প্রচেষ্টার অংশ ভাবা হচ্ছে।



