গরমের মৌসুমে তরমুজ একটি অত্যন্ত জনপ্রিয় ও স্বাস্থ্যকর ফল, যা শরীরকে ঠান্ডা রাখতে এবং পানিশূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রচুর পানি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। তবে বাজারে সব তরমুজ সমানভাবে মিষ্টি বা রসাল হয় না—কিছু তরমুজ দেখতে ভালো হলেও স্বাদে কম হতে পারে। তাই ভালো তরমুজ বেছে নিতে কিছু বিষয় জানা জরুরি।

নিচে তরমুজ কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা উচিত তা তুলে ধরা হলো—
ওজন দেখে নির্বাচন করুন
একই আকারের তরমুজগুলোর মধ্যে যেটি তুলনামূলক বেশি ভারী, সেটিতে সাধারণত পানির পরিমাণ বেশি থাকে এবং সেটি বেশি রসাল ও মিষ্টি হয়।
টোকা দিয়ে শব্দ পরীক্ষা করুন
তরমুজে হালকা টোকা দিলে যদি ভেতর থেকে ফাঁপা ও প্রতিধ্বনিমূলক শব্দ আসে, তাহলে সেটি পাকা হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে ভোঁতা বা ভারী শব্দ হলে সেটি কাঁচা বা কম মিষ্টি হতে পারে।
হলুদ দাগ পর্যবেক্ষণ করুন
তরমুজের নিচের অংশে হলুদ বা ক্রিম রঙের দাগ থাকলে বুঝতে হবে এটি স্বাভাবিকভাবে পেকেছে। কিন্তু যদি দাগ সাদা বা খুব হালকা সবুজ হয়, তাহলে সেটি পুরোপুরি পাকা নয়।
খোসার গঠন লক্ষ্য করুন
ভালো মানের তরমুজের খোসা সাধারণত গাঢ় সবুজ ও কিছুটা খসখসে হয়। খুব বেশি চকচকে ও মসৃণ খোসা থাকলে সেটি অপরিপক্ব হওয়ার ইঙ্গিত দিতে পারে।
আকার ও বাহ্যিক দাগ দেখুন
গোল আকৃতির তরমুজ সাধারণত বেশি মিষ্টি হয়ে থাকে, আর লম্বাটে তরমুজ তুলনামূলক কম মিষ্টি হতে পারে। এছাড়া খোসায় ছোট দাগ বা জালের মতো রেখা থাকলে সেটি বেশি মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।



