দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে ব্রাজিল সমর্থকদের। চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। এতে করে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলাম্বিয়া পার্কে ব্রাজিল দলের অনুশীলনে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে দেখা যায় নেইমারকে। এ সময় তার সঙ্গে ছিলেন দলের দুই তারকা মার্কুইনহোস ও রাফিনহা।
অনুশীলন মাঠে উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের দিকে এগিয়ে গিয়ে হাসিমুখে নেইমার বলেন, ‘তোমরা কি আমার অভাব অনুভব করেছ?’ তার এই রসিক মন্তব্য মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়। জবাবে উপস্থিত সাংবাদিকদের কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অপেক্ষার অবসান! অবশেষে ফিরে এসেছে আমাদের তারকা!’
৩৪ বর্ষী এ ফরোয়ার্ড মঙ্গলবার ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছিলেন। একদিন পরই তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন, যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত। দলের সতীর্থরাও করতালি দিয়ে নেইমারকে স্বাগত জানান। এমনকি মজার ছলে তাকে ‘গার্ড অব অনার’ বা মানবসেতুর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করিয়ে বিশেষ অভ্যর্থনা জানানো হয়।
আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে নেইমারকে দলে দেখা যেতে পারে। তবে তিনি শুরু থেকেই একাদশে থাকবেন কিনা কিংবা কত মিনিট খেলবেন, সে বিষয়ে এখনো পরিষ্কার নয়।


