অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে কালেব ইয়েরেঞ্চির জয়সূচক গোলে পানামার বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। গত এপ্রিলে ঘানার কোচের দায়িত্ব নিয়ে দারুণ এক জয় এনে দিলেন কোচ কার্লোস কুইরোজ।
টরন্টোর বিএমও ফিল্ডে বৃহস্পতিবার ভোরে পানামার বিপক্ষে ১-০তে জিতেছে ঘানা। ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ নিরুত্তাপ। মাত্র দুই মিনিটের মধ্যেই অবশ্য পানামা গোলের সুযোগ তৈরি করেছিল। সেসিলিও ওয়াটারম্যানের শট ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে পরীক্ষার মুখে ফেলে। তখন মনে হয়েছিল ম্যাচটি জমে উঠবে, কিন্তু এরপর আর তেমন কিছুই ঘটেনি।
ওয়াটারম্যানের বাউন্স করা বলটি ভালোভাবে নিয়ন্ত্রণ করে শট নিয়েছিলেন, তবে ঘানা গোলরক্ষক জিগি প্রয়োজনীয় সেভটি করেন। এরপর থেকে মূলত পানামাই বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক দল হিসেবে দেখা গেছে।
অন্যদিকে, ঘানা পুরো প্রথমার্ধে মাত্র একটি শট নিতে পেরেছে, সেটিও আসে বিরতির ঠিক আগে। মার্টিনেজ একটি চমৎকার উঁচু পাস ধরে বক্সে ঢুকে মনে করেছিলেন ওপোকু তাকে ফাউল করেছেন, কিন্তু রেফারি তাতে কোনো গুরুত্ব দেননি। এর কিছুক্ষণ পরই পানামার হয়ে রামোস জোরালো শট নেন, যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধে দুদলই প্রায় সমানে সমান লড়াই করে। কিন্তু জালের দেখা পাচ্ছিল না কেউই। তবে নির্ধারিত সময় পার হয়ে ইনজুরি টাইমেরও শেষ দিকে গোল করে দলকে জয় এনে দেন ইয়েরেঞ্চি।


