ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

কক্সবাজার, ১৩ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত দেশের প্রথম ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি শেষে তিনি এই পার্কে যান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তাঁরা পার্কের অভ্যন্তরে বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বন্যপ্রাণীর বিচরণ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এর আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালি ইউনিয়নের খাল খনন প্রকল্প এলাকায় যান।

সেই সময় তাঁর পাশের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রকল্প এলাকা থেকে পুনরায় গাড়ি চালিয়ে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে উপস্থিত হন। রাস্তার দুই পাশে অবস্থানরত হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

১৯৮০-৮১ অর্থবছরে হরিণ প্রজননকেন্দ্র হিসেবে শুরু হওয়া এই পার্কটি বর্তমানে দেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। প্রাকৃতিক পাহাড় ও বনের সমন্বয়ে গঠিত এই পার্কে কয়েকশ প্রজাতির বন্যপ্রাণী উন্মুক্ত পরিবেশে বাস করছে।

চট্টগ্রাম শহর থেকে প্রায় ১০৭ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি দেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এস এম/ ১৩ জুন ২০২৬



Scroll to Top