ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর সারুপ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকালে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহায়তায় রংপুর থেকে আসা একটি ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।
মারা যাওয়া সারুপ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সারুপ। এরপর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে আজ বুধবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ আট ঘণ্টা ধরে নদীতে তল্লাশি অভিযান পরিচালনার পর অবশেষে বুধবার বিকালে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে আগত ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল প্রায় আট ঘণ্টা নদী বক্ষে উদ্ধার অভিযান চালায়। বিকালে শিশুটির লাশ পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




