গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সব অংশীজনকে সম্পৃক্ত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণমাধ্যমসংশ্লিষ্ট সব পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়ায় সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এই উদ্যোগ গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কারের ভবিষ্যৎ পথনকশা প্রণয়নে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

Scroll to Top