ইফাদ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

ইফাদ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রোমে ইফাদ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ (১৩ অক্টোবর) সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ববৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাচ্ছি, যা দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা, নারী, কৃষক ও মৎস্যখাতের কর্মীদের সহায়তায় নতুন সুযোগ সৃষ্টি করবে এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসায় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন।

ইফাদ প্রেসিডেন্ট লারিও বলেন, আইএফএডি বাংলাদেশের সঙ্গে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদার হতে আগ্রহী এবং বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। বর্তমানে আইএফএডি বাংলাদেশে অর্ধডজনের বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনও কম। চীন বাংলাদেশ থেকে প্রচুর আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এই খাতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ এখন সময়ের দাবি।

বৈঠকে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, বাংলাদেশের অনেক নারী খামারি ইতোমধ্যে মহিষের দুধ থেকে মোজারেলা চিজ তৈরি করছেন। তিনি দেশে দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে ইফাদের সহযোগিতা কামনা করেন।

গভীর সমুদ্রের মৎস্য সম্পদের সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশি জেলেরা এখনো অগভীর পানিতেই মাছ ধরেন। বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পেলে আমরা গভীর সমুদ্রেও মৎস্য আহরণ শুরু করতে পারব। এই ক্ষেত্রে ইফাদ বড় ভূমিকা রাখতে পারে।

Scroll to Top