ইনডোর নেটওয়ার্কের মানোন্নয়নে বিটিআরসির বিশেষ উদ্যোগ – DesheBideshe

ইনডোর নেটওয়ার্কের মানোন্নয়নে বিটিআরসির বিশেষ উদ্যোগ – DesheBideshe


ইনডোর নেটওয়ার্কের মানোন্নয়নে বিটিআরসির বিশেষ উদ্যোগ – DesheBideshe

ঢাকা, ২৭ এপ্রিল – দেশের মোবাইল নেটওয়ার্কের মান উন্নত করতে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বা বিটিআরসি। গ্রাহকরা যাতে ভবনের ভেতরে বা ঘরের অভ্যন্তরে কোনো বাধা ছাড়াই নিরবচ্ছিন্ন মোবাইল সেবা ও উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেজন্য মোবাইল অপারেটরদের ই-জিএসএম ব্যান্ডে অতিরিক্ত তরঙ্গ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ১৮ কোটি। বিটিআরসির তথ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক গ্রাহকের মধ্যে উল্লেখযোগ্য অংশ গ্রামীণ ও মফস্বল অঞ্চলে বসবাস করেন।

শহরে নেটওয়ার্কের মান মোটামুটি সন্তোষজনক হলেও অনেক ক্ষেত্রে ঘরের ভেতরে কথা বলার সময় কল ড্রপ হয় এবং ইন্টারনেটের গতি প্রত্যাশিত মাত্রায় পাওয়া যায় না। এই সমস্যা নিরসনে গ্রামীণফোনকে আগে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার রবি আজিয়াটা ও বাংলালিংক ই-জিএসএম ব্যান্ডে তরঙ্গ বরাদ্দের আবেদন জানিয়েছে।

বিটিআরসির কাছে বর্তমানে ৮.৪ মেগাহার্টজ ই-জিএসএম তরঙ্গ বরাদ্দের উপযোগী অবস্থায় রয়েছে। এর মধ্যে রবি এবং বাংলালিংক প্রত্যেকে ৩.৪ মেগাহার্টজ করে মোট ৬.৮ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। তবে পার্শ্ববর্তী দেশের ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সাথে সম্ভাব্য সিগন্যাল হস্তক্ষেপ বা ইন্টারফেয়ারেন্স যাচাই করতে অপারেটর দুটি এক মাসের পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি চেয়েছে।

বিটিআরসি এই আবেদনে সাড়া দিয়ে তাদের এক মাসের জন্য পুরো ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের অনুমতি প্রদান করেছে।

রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রাহকদের ঘরের ভেতরে ডাটা সেবা প্রাপ্তির অভিযোগ দীর্ঘদিনের। ই-জিএসএম ব্যান্ড চালু হলে এই সংকটের সমাধান হবে এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে।

বাংলালিংক জানিয়েছে যে পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলের ওপর ভিত্তি করে তারা ভবিষ্যতে এই তরঙ্গ স্থায়ীভাবে কেনার সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ সফল হলে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক কভারেজ ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আসবে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top