ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ | চ্যানেল আই অনলাইন

গ্যালারিতে ছিল ইংলিশ সমর্থকদের উল্লাস, ১-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ সেমিফাইনাল থেকেই বিদায়ের ঘোর শঙ্কা। ঠিক তখনই দৃশ্যপটে হাজির লিওনেল মেসি, নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে মেসির জাদুকরী পাস থেকে চোখ ধাঁধানো এক গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফের্নান্দেজ। এরপর মেসির আরও একটি অ্যাসিস্টে লৌতারো মার্টিনেজের গোল, ২-১ গোলে জিতে ফাইনালে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মার্টিনেজ জানালেন, কোথায় ছিল ইংল্যান্ডের দূর্বলতা।

আটালান্টায় ৮১তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মার্টিনেজ এবং জয়সূচক গোলটি করেন। ম্যাচ শেষে জানান, ঠিক কোনা জায়গাটাতেই ঘুরে দাঁড়িয়েছিল আলবিসেলেস্তেরা।

ইংলিশদের দূর্বলতা নিয়ে মার্টিনেজ বলেন, ‘ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। প্রায় ৬০ মিনিট আমাদের চেপে ধরেছিল, এরপর আর পারছিল না। ওরা যখন গোল পেয়ে গেল, তারপর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ল। আর তাতেই আমাদের বল পাসিংয়ের কাজটা সহজ হয়ে গেল এবং আমরা শান্তভাবে খেলতে পারলাম।

‘আমরা মাঠের পুরোটা ব্যবহার করে খেলা ছড়িয়ে দিলাম এবং শেষ পর্যন্ত দুটি গোল আদায় করে নিলাম। সাড়ে তিন বছর পর, আমরা আবারও বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছি।’

Scroll to Top