একদিনের ব্যবধানে আফগানিস্তান এবং বসনিয়া-হার্জেগোভিনায় পৃথক দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটি দেশেই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার ১ জুলাই স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ২৭ জুন সেখানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর ২০২৫ সালের ৩ নভেম্বর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।
অন্যদিকে, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে বসনিয়া-হার্জেগোভিনায় ২ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল মোস্তার শহরের প্রায় ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বসনিয়া-হার্জেগোভিনাতেও এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখা হয়েছে।



