ইয়ামালের ‘আশাবাদ ও আত্মবিশ্বাস’ ভালো লাগছে কোচের | চ্যানেল আই অনলাইন

ইয়ামালের ‘আশাবাদ ও আত্মবিশ্বাস’ ভালো লাগছে কোচের | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে তুমুল আলোচনা নিয়ে হাজির হলেও গ্রুপপর্বে তেমন কোন প্রভাব ফেলতে পারেনি স্পেন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে শুরু করে যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে দলটি। দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল বলেছেন স্পেন সেরা ফর্মে থাকলে ‘অপ্রতিরোধ্য’ হবে। তার এমন আত্মবিশ্বাস ভালো লাগছে কোচ লুইস দে লা ফুয়েন্তের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমার মনে হয় সে একজন আত্মবিশ্বাসী খেলোয়াড়। নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী এবং তার সতীর্থদের নিয়েও। আমরা জানি আমাদের সম্ভাবনা কী। আমরা জানি কতদূর আমরা যেতে পারবো।’

‘ইয়ামাল যেগুলো বলেছে তা খুবই ইতিবাচক মনে হয়েছে। সে দলে আশাবাদ, আত্মবিশ্বাস এবং নিরাপত্তা ছড়ায়, যা আমার পছন্দ। আমরা এখন যেভাবে, যেখানে চাইবো সেখানই সে খেলতে পারবে। সব খেলোয়াড়ের চোট পুনরুদ্ধারে আমরা সবসময় সচেতন।’

ম্যাচ নিয়ে ইয়ামালের আগ্রহ সম্পর্কে স্পেন কোচ বলেছেন, ‘অত্যন্ত তীব্র ও দ্রুতগতির কোন কঠিন ম্যাচ যেখানে হয়তো মাত্র আধাঘণ্টা খেলাই সম্ভব। আর তুলনামূলক স্বাচ্ছন্দ্যদায়ক ম্যাচ যেখানে ৭০ মিনিট পর্যন্ত খেলা যায়, এই দুইয়ের পার্থক্য আছে। লামিন সত্যিই দারুণ। সে খেলার জন্য কতটা উদগ্রীব, তা তো আপনারা দেখেছেনই।’

রাউন্ড অব ৩২এ স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার। খেলা হবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায়।

Scroll to Top