দক্ষিণ এশিয়ায় আন্তসীমান্ত পানি ব্যবস্থাপনায় বিদ্যমান ‘আস্থার সংকট’ নিরসনের আহ্বান জানিয়েছেন পানিবিশেষজ্ঞ ও গবেষকেরা। তাঁরা জোর দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এই অঞ্চলের অস্তিত্ব রক্ষায় স্বচ্ছ তথ্য আদান-প্রদান ও নদী অববাহিকাভিত্তিক সহযোগিতা এখন সময়ের দাবি।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজিত ১১তম আন্তর্জাতিক পানি সম্মেলনের সমাপনী দিন গতকাল বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেন।
বুধবার থেকে শুরু হওয়া এবারের দুই দিনব্যাপী ভার্চ্যুয়াল সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যতের জন্য পানি ব্যবস্থাপনা পুনর্চিন্তা’। এবারের সম্মেলনে বিশ্বের ২০টির বেশি দেশের ৫ শতাধিক নদীবিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, পানি অধিকারকর্মী এবং জলবায়ু সুরক্ষা কর্মী অংশ নেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
