প্রতিপক্ষ মালয়েশিয়া, তবু সতর্ক বাংলাদেশ – Sarabangla

প্রতিপক্ষ মালয়েশিয়া, তবু সতর্ক বাংলাদেশ – Sarabangla

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশের সামনে এখন নকআউটের লড়াই। কোয়ার্টারে মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন দাসের দল। র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১৭! তবু ম্যাচটিকে সহজভাবে দেখছে না বাংলাদেশ। বরং জাপানের বৃষ্টিভেজা আবহাওয়া, ব্যবহৃত উইকেটকে বিবেচনায় ধরে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশ সময় ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জাপানের কোরোগি স্পোর্টস পার্কে হবে বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচটা। এই ম্যাচের আগে বৃষ্টির কারণে প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে বাংলাদেশের। রোববার দলের নির্ধারিত অনুশীলন বাতিল করতে হয়েছে, কারণ বৃষ্টির কারণে মাঠ ব্যবহারের উপযোগী ছিল না।

আবহাওয়া নিয়ে ভাবনা থাকলেও ম্যাচটি খেলেই জিততে চায় বাংলাদেশ। র‌্যাঙ্কিং বা শক্তির বিচারে এগিয়ে থাকার কারণে আত্মতুষ্টিতে ভুগতে চান না সালাউদ্দিন।

ম্যাচের আগে সালাউদ্দিন বলেন, ‘মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি। মালয়েশিয়ার দল ও ক্রিকেট সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। এ ধরনের টুর্নামেন্টে আসলে আপসেট হতেই পারে। কারণ একই উইকেটে বারবার খেলা হয়। ফলে অনেক সময় টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’

এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে স্মৃতি খুব একটা স্বস্তির নয় বাংলাদেশের। ২০২২ সালের আসরের কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান করে বাংলাদেশ জিতেছিল মাত্র ২ রানে।

প্রতিপক্ষ মালয়েশিয়া, তবু সতর্ক বাংলাদেশ – Sarabangla

সালাউদ্দিন নকআউট ম্যাচের গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন, ‘প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি।’

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে ঘিরে প্রত্যাশা বেশি। ২০১০ সালে স্বর্ণ জয়ের পর পুরুষ ক্রিকেটে আর সোনা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের আসরে ব্রোঞ্জ পেয়েছিল দলটি। এবার পদক জয়ের লক্ষ্যে পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে গেছে বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতোমধ্যে পদকশূণ্য অবস্থায় এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে। ফলে পুরুষ দলকে ঘিরেই এখন যত প্রত্যাশা। সেই প্রত্যাশাকে চাপ না বানিয়ে প্রেরণা হিসেবেই নিতে চান সালাউদ্দিন।

‘পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে একটা মেডেল আমাদের জিততে হবে। ছেলেদের ওই মোটিভেশনটা আছে এবং আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই, আমরা ইনশাল্লাহ ভালো করব।’

Scroll to Top