আ.লীগের নাম নিয়ে কেউ ঘর থেকে বের হতে পারবেনা: এমপি কালাম

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নয়; জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি বলেছেন, আন্দোলন, সংগ্রাম, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটাধিকার এবং বাংলাদেশের মালিকানা আমরা (বিএনপি) ফিরিয়ে এনেছি। যারা আজকে আবারও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়।তাই তিনি বিএনপি পরিবারের সদস্যদের জেগে উঠার আহ্বান জানান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি-অঙ্গ সংগঠন আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বিরোধীদলের অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

বের হতে

বক্তৃতাকালে তিনি বলেন, খুনি হাসিনা নিষিদ্ধ হয়েছে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কেন? তারা খুনি সরকার হিসেবে বিবেচিত হয়েছে, তাই রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। তাদের নেতাকর্মীরা আজকে অনেকেই দেশে নাই। আমি পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন মির্জাপুরে যারা আছে, তাদেরকে বলব আপনাদের পাশে জনগণ আছে, আপনাদের পাশে বিএনপি আছে। যারা অরাজকতা করতে চাইবে, যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আওয়ামীদের উদ্দেশ্য করে বলেন, এয়ারপোর্টে তোমরা দেখতে পারবা কী হবে। আজকে সামান্য একটু ডাক দিয়েছি, মির্জাপুরের নেতাকর্মীরা ঘর থেকে যেভাবে বের হয়ে এসেছে। তখন আমরা আবারো ডাক দিব, আওয়ামী লীগের কোনো নাম নিয়ে কেউ ঘর থেকে বের হতে পারবে না বলে হুঁশিয়ারি দেন এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় তিনি শান্তিময় মির্জাপুর বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিল পূর্ববর্তী সমাবেশ কর্মসূচিতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা’র সঞ্চালনায়, উপজেলা বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া প্রমুখ বক্তৃতা করেন।

বিক্ষোভ মিছিলটি মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভিতর) মাঠ থেকে বেরিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগের যেকোনো উস্কানিমূলক অপচেষ্টা রাজপথে প্রতিহত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

Scroll to Top