
চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম গোল্ডেন ব্রিজ আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। সম্মেলনে তার গবেষণাধর্মী উপস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব লাভ করে।
গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর লিজিয়াং শহরের গার্ডেন ভিলা, গুয়ানফাং হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় অধিভুক্ত হাসপাতালের আয়োজনে এতে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক স্বল্পমাত্রার আক্রমণাত্মক চিকিৎসাপদ্ধতিটির কার্যকারিতা, নিরাপত্তা ও চিকিৎসার ফলাফল তুলে ধরেন তিনি। বাংলাদেশের মতো দেশে এ পদ্ধতির প্রয়োগের সম্ভাবনাও তাঁর উপস্থাপনায় উঠে আসে।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং ডা. খন্দকার মাহবুব হোসেন। তাদের মধ্যে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান ও অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসায় আধুনিক অস্ত্রোপচার প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণায় দেশের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে স্বল্পমাত্রার আক্রমণাত্মক, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক অস্ত্রোপচারের অগ্রগতি নিয়ে ইতিবাচক মতামত উঠে আসে।
এ ছাড়া ক্যানসার সংক্রান্ত ইউরোলজি, মূত্রনালির পাথর, নারী ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক ও রোবোটিক অস্ত্রোপচারসহ বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা, গবেষণা উপস্থাপনা ও সরাসরি অস্ত্রোপচার কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের পাশাপাশি কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় অধিভুক্ত হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময় ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…