
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৫২ বছর বয়সে আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
জেমাইমার ভাই বেন গোল্ডস্মিথ শনিবার তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমাইমা জোন্সও অনলাইনে একটি পোস্টে লিখেছেন, ‘কী আনন্দের দিন!’
৬২ বছর বয়সী ক্যামেরন ও’রাইলির সঙ্গে জেমাইমার এক বছরের কিছু বেশি সময় ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজের সূত্রে তাদের পরিচয় হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে তারা পশ্চিম লন্ডনে জেমাইমার বাড়ি এবং সুইজারল্যান্ডে ও’রাইলির বাসার মধ্যে সময় ভাগ করে আসছিলেন।
ক্যামেরন ও’রাইলি প্রয়াত আইরিশ মিডিয়া ব্যবসায়ী স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। তিনি বিনিয়োগ ও গণমাধ্যম খাতে কাজ করেছেন। বর্তমানে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন।
জেমাইমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খানকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে সুলায়মান ও কাসিম।
বিচ্ছেদের পর সাংবাদিকতা ও চলচ্চিত্র প্রযোজনায় ক্যারিয়ার গড়ে তোলেন জেমাইমা। ২০২২ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘What’s Love Got to Do with It?’-এর চিত্রনাট্যও তিনি যৌথভাবে লিখেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন লিলি জেমস, শাজাদ লতিফ ও এমা থম্পসন।
জেমাইমার এই বিয়ে তার মা লেডি অ্যানাবেল গোল্ডস্মিথের মৃত্যুর প্রায় এক বছর পর হলো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…