জানতে চাইলে বিএনপি নেতা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এটা দলীয় কোনো বিক্ষোভ না। ফলাফলে কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে। এ কারণে চাকরিবঞ্চিতরা বিক্ষোভ করছেন। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
এ বিষয়ে লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘নিয়োগের ফলাফল বাতিল চেয়ে কিছু লোক বিক্ষোভ করছে। স্যার অফিস কক্ষে আছেন। তাঁর দুপুরের খাওয়াদাওয়া হয়নি। বিএনপি নেতা-কর্মীরা হলরুমে বসে আছেন। তাঁদের সঙ্গে থানার ওসি কথা বলছেন।’
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়ামাত্র আমি ইউএনও কার্যালয় চত্বরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। পরিস্থিতি এখন শান্ত আছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’