ইরানের কেশম দ্বীপের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বনাঞ্চলে তেল ছড়িয়ে পড়েছে। তবে দূষণের সঠিক উৎস এখনো শনাক্ত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে তেলদূষণের একটি অংশ কেশমের ম্যানগ্রোভ বনাঞ্চলে পৌঁছানোর তথ্য পাওয়া গেছে। দূষণ নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তেল যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য কার্যক্রম শুরু হয়েছে।
কেশম দ্বীপের প্রাকৃতিক সম্পদ ও জলাধার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউসেফ ওপরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি জানান, তেল ছড়িয়ে পড়ার পরিমাণ এবং দূষিত এলাকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দূষণ নিয়ন্ত্রণ ও পরিষ্কারের কাজ চলছে। একই সঙ্গে ম্যানগ্রোভ বনে যাতে আরও তেল প্রবেশ করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেশমের ম্যানগ্রোভ বনাঞ্চল একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় বাস্তুতন্ত্র। এসব বন জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় এলাকার স্থিতিশীলতা এবং বিভিন্ন জলজ প্রাণী ও পাখির আবাসস্থল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তেলদূষণের সঠিক কারণ বা উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের তদন্ত শেষে দূষণের উৎস ও কারণ জানানো হবে বলে জানিয়েছে তারা।
সম্প্রতি ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তেলদূষণের সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।


