
ঢাকা, ১৮ জুলাই – দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪২ জন রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৯১২ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ৩০৯ জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ১২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৭ জন।
মৃতদের লিঙ্গভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট ৩৩ জনের মধ্যে ১৮ জন নারী এবং ১৫ জন পুরুষ। শতকরা হিসাবে নারী ৫৪ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ৪৫ দশমিক ৫ শতাংশ।
আঞ্চলিক ভিত্তিতে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ১০ জন এবং উত্তর সিটি করপোরেশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রাম ও খুলনায় ৪ জন করে এবং বরিশালে ২ ও রাজশাহীতে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এনএন/ ১৮ জুলাই ২০২৬






