বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ ছিল- এমন সমালোচনাকে নাকচ করে দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার কথা, প্রতিপক্ষ বেছে নেয়ার সুযোগ কোন দলেরই থাকে না এবং এই টুর্নামেন্টে কোন ম্যাচই সহজ ছিল না।
গ্রুপপর্বে পর্তুগাল রানার্সআপ হওয়ায় তাদের নকআউট পর্বের কঠিন পথে পড়তে হয়। ফলে ক্রোয়েশিয়া, স্পেন ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো আর্জেন্টিনার অংশে না পড়ে টুর্নামেন্টের অন্য পাশে চলে যায়। এতে তুলনামূলক সহজ পথ পেলেও সেটি প্রতিপক্ষদের ফলাফলের কারণেই হয়েছে, আর্জেন্টিনার পছন্দে নয়।
দলটির বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেছেন, ‘অনেকে আমাদের প্রতিপক্ষ নিয়ে মন্তব্য করছেন, কিন্তু আমরা তো প্রতিপক্ষ বেছে নেইনি। যেমন কলম্বিয়া পর্তুগালকে হারিয়েছিল, পরে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারায়, এরপর আমাদের খেলতে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে। প্রতিটি ম্যাচই কঠিন। মাঠে নেমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পথে সুইজারল্যান্ড, কেপ ভার্দে, মিশর ও জর্ডানের মতো দলের মুখোমুখি হয়েছে। সেমিফাইনালের আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দল থেকে কোন প্রতিপক্ষ পায়নি তারা। তবে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়, মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানো এবং ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকে সেমিফাইনাল জেতায় তাদের পথ মোটেও সহজ ছিল না।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও একই সুরে বলেছেন, ‘ফুটবলে সহজ কোন প্রতিপক্ষ নেই। মাঠে নেমে ম্যাচ জিততে হয়, আমরা কোনকিছুই সহজ ধরে নেই না।’



