স্পেন ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে অভিযোগ করেছেন, আর্জেন্টিনা প্রতিপক্ষের উপর শারীরিক চাপ ও উসকানিমূলক কৌশল প্রয়োগ করে, যা ফুটবলে গ্রহণযোগ্য নয়। রোববার নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১৫টি ফাউল করা আর্জেন্টিনার খেলায় প্রশ্ন ওঠে। ম্যাচের শুরুতে এনজো ফের্নান্দেজের কঠোর ট্যাকলে এলিয়ট অ্যান্ডারসন আহত হলেও কোন কার্ড দেখানো হয়নি। আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে একটি ফাউল ঘিরেও বিতর্ক হয়।
স্প্যানিশ দৈনিক মার্কাকে লাপোর্তে বলেছেন, ‘ম্যাচ নিয়ন্ত্রণে রাখা রেফারির দায়িত্ব। একজন-দুজন খেলোয়াড়কে এমন আচরণের সুযোগ দিলে ম্যাচ বিশৃঙ্খলায় পরিণত হয়। ফুটবলের নিয়মের মধ্যে শারীরিক লড়াইয়ে আমার আপত্তি নেই। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা দেখেছি, যা অবাক করেছে। বিশেষ করে আর্জেন্টিনা প্রতিপক্ষের গায়ে ‘দাগ’ রেখে যেতে পছন্দ করে। এমন আচরণ ফুটবলে, বিশেষ করে বড় টুর্নামেন্টে, চলতে দেয়া উচিত নয়।’
এর আগে শেষ ষোলোতে মিশরের বিপক্ষেও আর্জেন্টিনা পক্ষপাতমূলক সুবিধা পেয়েছে বলে অভিযোগ ওঠে। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রি কূটনৈতিক অবস্থান নিয়েছেন। দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমার আর্জেন্টিনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তারা আমেরিকা ও বিশ্বের চ্যাম্পিয়ন।’
রদ্রি বলেছেন, ‘ম্যাচে যদি উসকানির পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি উপেক্ষা করে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’
ফাইনালকে দারুণ এক লড়াই আখ্যা দিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘দুদলই নিজেদের ফুটবল খেলতে চাইবে এবং রেফারি ম্যাচকে বিশ্বকাপ ফাইনালের মান অনুযায়ী পরিচালনা করবেন।’
অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পেন কোচের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথা জানিয়ে বলেন, ‘মাঠে সেই সম্পর্কের কোন প্রভাব থাকবে না।’




