হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ | চ্যানেল আই অনলাইন

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর একাধিক হামলা চালানোর দাবি উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এবারও উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ব্যবহৃত ইরানি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবরও পাওয়া গেছে, ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

অন্যদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রণালিতে ইরানের ওপর পুনরায় অবরোধ কার্যকর করা হয়েছে এবং এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে। এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায়ের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

Scroll to Top