সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।সফরপথে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পথজুড়ে মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান।
সফরের কর্মসূচিতে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনের শেষভাগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তিনি।


