
ঢাকা, ১১ জুলাই – সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া নানা উদ্যোগ ও দিকনির্দেশনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই পাঁচটি জেলায় জনমানুষের অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই পরিস্থিতি নিজে এবং তাঁর টিমের সদস্যদের মাধ্যমে তদারকি করছেন। গতকালই প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। উদ্ধার তৎপরতায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগের আওতায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁর রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোও মাঠপর্যায়ে উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছে।
আর্থিক সহায়তার বিষয়ে উপদেষ্টা জানান, জরুরি ভিত্তিতে ২ কোটি টাকারও বেশি অনুদান নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে চাল ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড, সীমান্তে বিজিবি এবং বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে।
পানিবাহিত রোগ মোকাবিলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং রাস্তাঘাট মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন এই তিনটি ধাপ নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে।
জনগণের নির্বাচিত সরকার হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মানুষের সুরক্ষায় কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ১১ জুলাই ২০২৬






