সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে আর সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে: ডা. শফিকুর রহমান – DesheBideshe

সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে আর সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে: ডা. শফিকুর রহমান – DesheBideshe


সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে আর সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে: ডা. শফিকুর রহমান – DesheBideshe

রংপুর, ১১ জুলাই – সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন তৎপরতার তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্তে ভারত সুড়সুড়ি দিচ্ছে আর সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের জনগণ এবং বিজিবি সদস্যরা সীমান্তে প্রতিরোধ গড়ে তুললেও সরকারের পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে না।

শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, বর্তমান সরকার কার ভয়ে বা কাকে খুশি করার জন্য সীমান্ত ইস্যুতে চুপ করে আছে তা দেশবাসীর কাছে প্রশ্নাতীত নয়। তিনি সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বোঝার আহ্বান জানান এবং ইতিহাসের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা গণভোটের দাবি তুলেছেন। অতীতে প্রধানমন্ত্রী গণভোটের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি বলে অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান দৃঢ়ভাবে বলেন, জাতির সঙ্গে তারা বেইমানি করবেন না এবং গণভোট আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।

তিস্তা অঞ্চলের সংকটের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তিস্তা নিয়ে অনেক বড় বড় কথা বলা হলেও এবারের বাজেটে এই প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

তিনি বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, ভবিষ্যতে জনগণের সমর্থনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে তিস্তা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জোটের অন্যান্য নেতারাও বক্তব্য প্রদান করেন।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Scroll to Top