মেঘনার এক ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি

মেঘনার এক ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি

ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি রাজা ইলিশ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

মেঘনার এক ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রি করা হয়। এ সময় সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেন আলম ব্যাপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় রহমান মাঝি ৭-৮ জন মাঝিমাল্লা নিয়ে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে জাল ফেলেন। ঘণ্টাখানেক পর জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও তাদের জালে ধরা পড়ে। পরবর্তীতে মাছটি স্থানীয় আড়তে বিক্রির জন্য আনার খবরে বেশ কয়েকজন আড়ৎদার মাছটি ক্রয়ের জন্য নিলামে অংশগ্রহণ করেন। এ সময় সর্বোচ্চ দামে মৎস্য ব্যবসায়ী আলম মাছটি কিনে নেন।

মাছটির ক্রেতা মো. আলম বলেন, সচরাচর এতো বড় নদীর ইলিশের দেখা মেলে না। কৌতূহলবশত ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ১১ হাজার ৬০০ টাকা আমি কিনেছি। এটি বিক্রি জন্য ঢাকা পাঠাব, আশা করছি সর্বনিম্ন ১৪ থেকে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারব।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে গত মার্চ-এপ্রিল দুমাসের সরকারি নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলেরা। এতে জেলেরা নদীতে জাল ফেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাচ্ছেন। এর পরিমাণ আগামীতে আরও বাড়বে।

Scroll to Top