এখন পর্যন্ত গ্রুপপর্বের সবকয়টি ম্যাচ জেতা একমাত্র দেশ সহ-আয়োজক মেক্সিকো। তিনে তিন জয়ে নকআউট নিশ্চিত করা প্রথম দেশও তারাই। গ্রুপে শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে আসর থেকে বিদায় করেছে মেক্সিকানরা। আরেক ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী সাউথ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউটের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। তাতে শেষ বত্রিশে যাওয়ার অপেক্ষা বাড়ল কোরিয়ার।
মন্তেরের এস্তাদিও বিবিভা স্টেডিয়ামে সাউথ আফ্রিকা-সাউথ কোরিয়ার ম্যাচে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। অন্য ম্যাচে মেক্সিকোর রাজধানীর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে চেকদের বিপক্ষে গোল তিনটি করেন মাতেও শাভেজ, হুলিয়ান কুইনোনেস এবং আলভারো ফিদেলগো।
‘এ’ গ্রুপের তিন ম্যাচ শেষে, তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে নকআউটে পৌঁছেছে মেক্সিকো। ১টি করে জয়, ড্র এবং হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে থেকে নকআউট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। সাউথ কোরিয়া ১ জয় এবং ২ হারে রয়েছে টেবিলে তিনে। তারা এখনও বিশ্বকাপে টিকে আছে, তবে নকআউটের জন্য অপেক্ষা করতে হবে, তাকাতে হবে অন্য গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর ফলাফলের উপর। এদিকে ১ ড্র এবং ২ হারে কেবল ১ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে, তাতে বিশ্বপকাপ থেকে বিদায় নিল চেক প্রজাতন্ত্র।
চেকদের বিপক্ষে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটে শাভেজের গোলে লিড নেয় মেক্সিকো, ঠিক ছয় মিনিট পর কুইনোনেসের গোলে ব্যবধান দিগুণ করে দলটি। ম্যাচের শেষ মিনিটে যোগ করা সময়ে ফিদেলগোর গোলে বোর্ডে তৃতীয় গোল যোগ করে মেক্সিকানরা। এ ম্যাচে লিওনেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসে তৃতীয় হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন মেক্সিকো গোলরক্ষক গুইলের্মো ওচোয়া।
অন্যদিকে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি সাউথ কোরিয়া এবং সাউথ আফ্রিকা। ম্যাচের ৬৩তম মিনিটে থাপেলো মাসেকো জালে বল জড়ালে এগিয়ে যায় আফ্রিকার দেশটি। সেই গোলে ভর করে জয় নিয়ে নকআউটে যায় তারা।



