জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছেন, বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন। সাবেক জার্মান তারকা ঠিক কী কারণে এমন সমালোচনা করেছেন তা উল্লেখ করেননি নিজের লেখা কলামে।
ফিলিপ লাম বিশ্বকাপ নিয়ে লিখেছেন, ‘ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন। এর ফলে ফুটবলের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে এবং ভক্তরা অস্বস্তিতে পড়ছেন। তাদের পক্ষে ফিফাকে মূল আয়োজনটি থেকে আলাদা করে দেখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।’
লাম খেলোয়াড়দের ফিটনেসের উপর প্রভাবের কারণে ক্লাব বিশ্বকাপেরও সমালোচনা করেছেন। গত মৌসুমের গ্রীষ্মে প্রথমবার ক্লাব বিশ্বকাপ হয়েছিল। টিকিট নিয়েও সমালোচনা করেছেন ৪২ বর্ষী সাবেক।
‘ফিফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা টিকিটের প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। এর মাধ্যমে নিজেদের আয় সর্বোচ্চ করার চেষ্টা করেছে সংস্থাটি। তাছাড়া, প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের যে প্রস্তাব বারবার দেয়া হচ্ছে, তা আমাকে বিরক্ত করে। যেকোনো আসরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার জন্য যথাযথ প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রমের প্রয়োজন পড়ে।’
তবে ফিফার কিছু কাজের প্রশংসাও করেছেন লাম, ‘ফিফা অনেককিছুই ভালো করছে।’ বিশ্বকাপ ৪৮ দলে বাড়ানোর প্রশংসা করেছেন তিনি।



