প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ নামের একটি নতুন হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। যার লক্ষ্য হলো প্রবাসী আয়ের অর্থ আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা, প্রবাসী আয়ের সঙ্গে বিনিয়োগের সংযোগ বাড়ানো এবং তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করা।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ব্যবস্থায়, ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব খুলতে পারবেন। হিসাবটি সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট—যেকোনো ধরনের হতে পারবে। এই হিসাবে অন্য অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তর করা অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে পাওয়া আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং বৈদেশিক মুদ্রাসংক্রান্ত অন্যান্য অনুমোদিত অর্থ জমা রাখা যাবে।



