কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএওসি) ও ক্যালগেরি বাংলা স্কুলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা বাংলা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় আরও শক্তিশালী ও উৎসাহিত করতেই এই আয়োজন।
অনুষ্ঠানে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। উপস্থিত অতিথি, অভিভাবক ও কমিউনিটির সদস্যবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালগেরির স্কুলিক স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনিস হক, পি. ইঞ্জি.। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএওসি -এর সভাপতি জনাব ইকবাল রহমান। তিনি বলেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার মহান কাজটি নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছে; ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানেরা যেন তাদের শিকড় ও মাতৃভাষার সঙ্গে যুক্ত থাকে, এই স্কুল সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আসিফ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের পুরো টিমের মধ্যে এটি অন্যতম সফল উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এই স্কুল আগামী দিনে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং কমিউনিটির গর্ব হয়ে থাকবে।’
এছাড়া বক্তব্য রাখেন ক্যালগেরি বাংলা স্কুলের অধ্যক্ষ জনাব মো. আসজাদ হোসাইন, শ্রদ্ধেয় শিক্ষিকা ম্যাডাম মুনিয়া রহমান, এবং বিসিএওসি-এর আইটি সম্পাদক জনাব সুলতানুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন অধ্যক্ষবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ, এবং অভিভাবকবূনদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া। সনদপত্র গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের গর্বিত উপস্থিতি অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে ক্যালগেরি বাংলা স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
সমাপনী বক্তব্য রাখেন ক্যালগেরি বাংলা স্কুলের শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসাইন। তিনি অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা শিক্ষক, স্বেচ্ছাসেবক, অভিভাবক, তাঁর পরিবারে সদস্যদের ও কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখাই ক্যালগেরি বাংলা স্কুলের মূল লক্ষ্য, এবং এই অর্জন সম্মিলিত প্রচেষ্টারই ফসল।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় কমিউনিটির সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার ধারা অব্যাহত থাকবে।



